মেয়াদোত্তীর্ণ ডায়াপারের তারিখ বদলে বাজারজাত, আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: মেয়াদোত্তীর্ণ শিশু ডায়াপারের গায়ের মেয়াদ মুছে নতুন তারিখ বসিয়ে বাজারজাত করার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পটিয়া উপজেলার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে হালিম খাঁর চর এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলের গুদাম ও কার্যক্রমে অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি আমদানি করা বেবি ডায়াপারের মূল মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হওয়ার পর কৌশলে সেই মেয়াদ মুছে ফেব্রুয়ারি ২০২৭ ও ডিসেম্বর ২০২৮ সালের নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করছিল।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। পরে ডায়াপারগুলো কেটে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ পরিবর্তন করে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। বিশেষ করে শিশুদের ব্যবহারের পণ্যের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম অত্যন্ত গুরুতর। ভোক্তাদের স্বার্থে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই অভিযানে পটিয়ার পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ক্যাফে ফুলবনকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আরএস