নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কলেরা প্রতিরোধে দুই ডোজের মুখে খাওয়ার টিকাদান কর্মসূচির উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট)। সকাল ১০টায় তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কলেরার টিকার প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর।
ঢাকার লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও থানা এলাকায় এ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর ও নারায়ণগঞ্জ সদর উপজেলাও কর্মসূচির আওতায় থাকবে।
নির্ধারিত এলাকার এক বছর বা তার বেশি বয়সী সবাই বিনামূল্যে এই টিকা পাবেন। তবে গর্ভবতী নারীদের এ টিকা দেওয়া হবে না।
নির্ধারিত টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক এবং ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে টিকা দেওয়া হবে। টিকা নিতে আগ্রহীদের vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।
কর্মসূচি সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুখে খাওয়ার এই কলেরা টিকা নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত।
রাজধানীর ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কলেরার সংক্রমণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এএইচএ
