সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার নদী ও খাল দখলের সার্বিক পরিস্থিতি এবং তা পুনরুদ্ধারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে স্থানীয় পরিবেশ কর্মীরা সাতক্ষীরার প্রধান প্রধান নদী ও খালের অবৈধ দখল, প্রবাহ বন্ধ হওয়া এবং বেহাল দশার চিত্র তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের সংকট একই রকম। এই সংকট কাটিয়ে উঠতে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়; সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি ও এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন এবং উন্নয়ন সংস্থা 'হেড'-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় অন্যান্য পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি