অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
ছবি: জাতীয় অর্থনীতি

‎‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছয় ঘণ্টার অভিযানে প্রায় ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বালু বিক্রির একটি অফিস সিলগালা এবং উত্তোলনে ব্যবহৃত স্লিপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মোল্লা ঘাট, চৌধুরী ঘাট, ভান্ডারী ঘাটসহ কয়েকটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা বালু মৌখিকভাবে জব্দ করা হয়। পরে জব্দ করা বালুর পরিমাণ পরিমাপ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া হাবিলদার বাসা এলাকায় বালুর স্লিপ বিক্রির একটি অফিস সিলগালা করে সেখানে থাকা বালু উত্তোলনের স্লিপ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল, বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি