কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এসব বিষয় তুলে ধরেন।
সাক্ষাতে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়ায় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।
এ সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষাখাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
—জা. অর্থনীতি/এএইচএ