খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় খাগড়াছড়িতে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
আসন্ন সেপ্টেম্বর মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রামে গত কয়েক বছরের সেপ্টেম্বর মাসের সাম্প্রদায়িক উসকানি, সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনাগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি ও হুমকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, অতীতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসে কোনো স্বার্থান্বেষী মহল যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় আন্তঃসংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পূর্বপ্রস্তুতি এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দুর্গাপূজা ও কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়।
সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিজিবির বিভিন্ন জোনের অধিনায়কসহ খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
