যশোর প্রতিনিধি: ইসলাম কেবল নামাজ, রোজা, হজ ও যাকাতের মতো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়; বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবনবিধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি তরুণ ছাত্রসমাজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির যশোর শহর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'জাহেলি আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক' প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, "কোরআন শুধু ঘরে সাজিয়ে রাখা বা তিলাওয়াতের জন্য নয়, এটি মানুষের সার্বিক জীবন পরিচালনার পথনির্দেশ। ছাত্রশিবির প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়, এটি নৈতিক ও সৎ নেতৃত্ব তৈরির একটি আদর্শিক আন্দোলন।" তিনি কর্মীদের আচরণ ও কর্মের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলার তাগিদ দেন।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। তিনি বলেন, দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তন তরুণ প্রজন্মের ওপর নির্ভর করে। অন্যায়, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. জায়েদ আহমেদ এবং সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম আধুনিক যুগের প্রযুক্তিভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিক শিক্ষার সাথে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন এবং জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলামসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
