সিলেট প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্তকরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানো এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদনের ধারা আরও জোরদার করতে আধুনিক হ্যাচারি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা সরবরাহ এবং চাষের নানা চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিভাগীয় কমিশনার ক্ষোভ ও আশাবাদ ব্যক্ত করে জানান, সিলেটে মাছ চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর থাকা সত্ত্বেও বর্তমানে মাত্র ৫ হাজার পুকুরে মাছ চাষ হচ্ছে। বিপুল পরিমাণ পুকুর ও জলাশয় অনাবাদি ফেলে না রেখে সেগুলোকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনার তাগিদ দেন তিনি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেটের মৎস্য সম্ভাবনার পূর্ণ ব্যবহারের মাধ্যমে অঞ্চলটিকে মাছে আরও স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্য চাষি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য চাষির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
—জা. অর্থনীতি/এলএটি
