নিজস্ব প্রতিবেদক: সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় পিছিয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—সাভারের সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব।
সোহেল রানা এ মামলায় জামিনে থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিনি কারাগারে রয়েছেন। এ মামলার দুই আসামি পলাতক এবং অন্যরা জামিনে আছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়ে রানা প্লাজা। ভয়াবহ ওই দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জন নিহত হন। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে।
ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মামলার তদন্তে অভিযোগ ওঠে, ছয়তলা ভবনের অনুমোদনের তথ্য গোপন করে ১০ তলা ভবনের নকশা অনুমোদন নেওয়া হয়। একই সঙ্গে ভবনটিতে পোশাক কারখানা স্থাপনেরও অনুমতি দেওয়া হয়েছিল।
২০১৭ সালে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়। মামলায় ২০ সাক্ষীর মধ্যে ১৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রোববার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় আদালত আগামী ১ সেপ্টেম্বর নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
—জা.অর্থনীতি/আরএস