মেহেরপুর প্রতিনিধি: ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পূর্ণ নিরাপত্তার দাবিতে মেহেরপুরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করেছেন বিএটিবি (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ) ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে মেহেরপুর লীফ রিজিওনাল অফিসের সামনে ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে তারা বিএটিবির মাঠপর্যায়ের তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজ-সার বিতরণ ও অ্যাপ পরিচালনার মতো শতভাগ স্থায়ী প্রকৃতির দায়িত্ব পালন করে আসছেন। অথচ বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের সরাসরি নিয়োগ না দিয়ে ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার আওতায় এনে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, শ্রম আইন অনুযায়ী তাদের চাকরি স্থায়ীকরণ আইনি অধিকার হলেও তাদের বাৎসরিক লভ্যাংশ (ডব্লিউপিপিএফ) থেকে বঞ্চিত করা হচ্ছে। উল্টো অধিকার আদায়ের আন্দোলন বাঞ্চাল করতে শীর্ষ ২০ জন নেতাকে দূরবর্তী স্থানে বদলি এবং ৩৮ জন কর্মীর নামে সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানি চালানো হচ্ছে।
আইনি লড়াই ও আন্দোলনের ধারাবাহিকতায় ২০ জুলাই থেকে দুই দফায় ১৭ দিন এবং ৬ আগস্ট থেকে পুনরায় ১০ দিনের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন তারা। কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ অন্য নেতারা জানান, বিএটিবির ৮টি রিজিয়নে মোট ৩৮৬ জন কর্মীর সবাই এতে একাত্মতা প্রকাশ করেছেন। সরাসরি স্থায়ী নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
—জা. অর্থনীতি/এলএটি
