নিজস্ব প্রতিবেদক: ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ঐতিহাসিক ঢাকা গেট থেকে র্যালিটি শুরু হয়। ‘ঢাকা দিবস’ ও রাজধানীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ র্যালির আয়োজন করা হয়।
সকাল ৭টায় র্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রায় ৩০০ নাগরিক সাইকেল র্যালিতে অংশ নেন। ঢাকা গেট থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি, শাহবাগ, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ঢাকেশ্বরী মন্দির, বকশীবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, সচিবালয়, বঙ্গবাজার হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী সাইক্লিস্টদের ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর এবং ঐতিহ্যের ধারক-বাহক। ঢাকাকে ঘিরেই আগামী বাংলাদেশের পথচলা। তাই নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। বিশেষ করে তরুণদের সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন। নগরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে পর্যাপ্ত পরিচিতি ও সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যে ঢাকার প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা গড়ে ওঠেনি।
তিনি বলেন, এর প্রভাব পড়ছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণসহ নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে। ‘আমার শহর, আমার দায়িত্ব’—এই উপলব্ধিকে নাগরিক জীবনের অংশ করে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ধারাবাহিকতায় আগামী ১৫ আগস্ট ‘ঢাকা হেরিটেজ রান’, ২১ আগস্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও হেরিটেজ ক্রুজ, ২৮ আগস্ট ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকি নিয়ে ঢাকা শোভাযাত্রা এবং ২৯ আগস্ট লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন রয়েছে।
২৯ আগস্ট ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হবে। এছাড়া ৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ঢাকা আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার আয়োজন রয়েছে।
ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও উৎসব, গর্ব ও দায়িত্বের সঙ্গে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
—জা. অর্থনীতি/এএইচএ
