মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সফল পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের নিকট আটক থাকা তিন নাগরিককে নিজ নিজ সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে সীমান্ত শূন্যরেখায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিএসএফের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল মান্নান (৭০)। অন্যদিকে বিজিবির নিকট থেকে ফেরত যাওয়া ভারতের দুই নাগরিক হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের শ্রী শচীন দাস (৬৫) এবং শ্রী নরতন বিশ্বাস (৩৫)।
বাংলাদেশিকে ধরে নেওয়ার প্রতিবাদে, দুই ভারতীয়কে ধরে নিয়ে আসলো গ্রামবাসী
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে কৃষক আব্দুল মান্নান নিজ জমির মরিচ গাছে কীটনাশক প্রয়োগের সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।
ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত যোগাযোগের মাধ্যমে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে ইছাখালী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ এবং বিএসএফের পক্ষে নবচন্দ্রপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার নেতৃত্ব দেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দ্রুত আয়োজিত পতাকা বৈঠকের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করা হয়েছে এবং স্ব-স্ব দেশের নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
