সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শনাক্ত হওয়া নিহত যাত্রীরা হলেন: সিলেট নগরীর সোবহানীঘাটের সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের ৩ বছরের শিশুকন্যা খোজাইফা, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং ভৈরবের পেহেলি ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক শিশুর মৃত্যু হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর গুরুতর জখম এক শিশুর মৃত্যু হয়েছে। ভর্তি থাকা আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া জানান, দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
