জার্মানিতে রেকর্ড তাপমাত্রায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু
জার্মানিতে তীব্র তাপপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চলতি বছরের দুঃসহ গরম ও দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ জনস্বাস্থ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে। এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা ‘রবার্ট কোচ ইনস্টিটিউট’ (আরকেআই) তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এ আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে। 

তথ্যমতে, ১ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত মাত্র সাড়ে তিন মাসে গরমের প্রতিক্রিয়ায় প্রায় ৯ হাজার ৮০০ জন মানুষের মৃত্যু হয়েছে। এটি দেশটির ইতিহাসে গ্রীষ্মকালীন তাপজনিত মৃত্যুর নতুন রেকর্ড হিসেবে বিবেচ্য। 

এর আগে, ২০১৬ সালের একই সময়ে নথিভুক্ত হয়েছিল সর্বোচ্চ ৯ হাজার মৃত্যুর ঘটনা। এবার কেবল জুন মাসেই মারা গিয়েছেন প্রায় ৫ হাজার ১০০ জন। 

জার্মান আবহাওয়া দপ্তরের সূত্রমতে, জুনের অর্ধেকের বেশি সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। 

‘রবার্ট কখ ইনস্টিটিউট’এর মতে, ১২ জুলাই পর্যন্ত মারা যান ৭ হাজার ৯০০ জন। এরপর কেবল ছয় দিনে, ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে আরও ১ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। 

মৃতদের বেশিরভাগই ছিলেন বয়স্ক এবং তারা হৃদরোগ, শ্বাসতন্ত্র বা কিডনি জটিলতায় ভুগছিলেন। অতিরিক্ত গরমে এসব রোগের অবক্ষয় হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান মতে, মৃতদের মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ছিলেন ৫ হাজার ৪২০ জন। আর ৬৫ বছরের কম বয়সী ছিলেন মাত্র ৬৩০ জন। 

‘রবার্ট কখ ইনস্টিটিউট’ বলছে, বেশিরভাগ মানুষ সরাসরি হিটস্ট্রোকে মারা না গেলেও তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। 

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র আকার ধারন করছে। ফলে, ভবিষ্যতে আরও বাড়তে পারে তাপজনিত অসুস্থতা এমনকি ‘মৃত্যুর ঝুঁকি’ও।