শাবিপ্রবি প্রতিনিধি: শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, স্মারক আলোচনা সভা, বিশেষ দোয়া এবং সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগভিত্তিক ভোজের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনব্যাপী বর্ণিল কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরবর্তীতে বেলা সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনপূর্বক পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এরপর বৃক্ষরোপণ শেষে প্রশাসনিক ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।
মিলনায়তনে অনুষ্ঠিত মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।" এ সময় তিনি আন্দোলনকালে প্রাণ হারানো শহীদ রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ চালু করার ঘোষণা দেন। এজন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা বাজেট বরাদ্দের কথাও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেনের বিশেষ উপস্থিতিতে সভায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্রপ্রতিনিধিরা বক্তব্য দেন।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে প্রথমবারের মতো আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভাগভিত্তিক বিশেষ ভোজের (ফিস্ট) আয়োজন করা হয়। —জা. অর্থনীতি/এলএটি