শিশু ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব ১৩। এর আগে একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এ সময় জীবন মিয়া প্রতিবেশি ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে ছটকে পড়ে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি জানালে তার পরিবার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যুবক জীবন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেপ্তার করে রংপুর র‍্যাব ১৩ এর একটি দল।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা'র(ওসি) দায়িত্বে থাকা উপ পরিদর্শক(এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, ধর্ষণ মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি