কর্মস্থলে যোগ দিলেন নবাগত এসএমপি কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেট ব্যুরো: নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।  শনিবার বিকেলে বিমানযোগে সিলেট আসেন তিনি। এসময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাকে।

এসএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, সিলেটে এসে তিনি পুলিশ অফিসার্স মেসে যান। সেখানে এসএমপির বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান নবাগত কমিশনারকে। এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় পুলিশ কমিশনার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা; উপকমিশনার (দক্ষিণ, অতি‌রিক্ত দা‌য়ি‌ত্বে ডি‌বি) মো. আকতার হোসেন; উপকমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি; উপকমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপকমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এ ছাড়াও অতিরিক্ত উপকমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।