নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির স্বীকৃতি দিয়ে ভ্রমণ সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের জন্য জারি করা ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ (Reconsider Travel) থেকে লেভেল-২ (Exercise Increased Caution)-এ উন্নীত করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বাড়তে থাকা আস্থার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পরই এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বৈঠক শেষে সার্জিও গর টেক্সট বার্তায় পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আগস্টের শেষ সপ্তাহে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ট্রাভেল অ্যাডভাইজরিতে বাংলাদেশকে আগের তুলনায় নিরাপদ গন্তব্য হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এর ফলে বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছে সরকার।
সরকার বলছে, গত ছয় মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। একই সঙ্গে এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিরও প্রতিফলন।
সরকার আশা করছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে সহায়ক হবে।
—জা.অর্থনীতি/এএইচএ