স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দুই দশক পর টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিপক্ষীয় এই সিরিজের প্রথম বহর আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বে। এই সফরের আগে দলীয় পারফরম্যান্স ও পেসারদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগার অধিনায়ক। দলে চোটের ধাক্কা প্রসঙ্গে শান্ত জানান, চোট কারও নিয়ন্ত্রণে থাকে না। তাই কারা চোটের কারণে দলে নেই—তা নিয়ে না ভেবে বর্তমানে থাকা স্কোয়াড নিয়েই ভালো ক্রিকেট খেলার দিকে মূল মনোযোগ রাখতে চান তিনি।
অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে উল্লেখ করে শান্ত বলেন, দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ সেখানে টেস্ট খেলছে। ফলে কন্ডিশন কতটা মানিয়ে নেওয়া যায় তা মূল বিষয় হবে। তবে অভিজ্ঞতা ও দক্ষতার সঠিক প্রয়োগ ঘটাতে পারলে সেরাটা দেওয়া সম্ভব।
সিরিজে বোলারদের ভূমিকা নিয়ে তিনি জানান, হাসান মাহমুদ ও মুশফিকের মতো পেসারদের নিয়ে গড়া বোলিং আক্রমণের সক্ষমতা রয়েছে বিপক্ষ দলের ২০টি উইকেট শিকার করার। সঙ্গে অভিজ্ঞ স্পিনাররা সহায় ভূমিকা পালন করবে। ইতিবাচক মনোভাব ও সঠিক প্রক্রিয়া বজায় রেখে প্রতিপক্ষের মাঠে সেরা ক্রিকেট উপহার দেওয়াই টাইগারদের মূল লক্ষ্য বলে জানান নাজমুল হোসেন শান্ত।
—জা. অর্থনীতি/এলএটি
