স্পোর্টস ডেস্ক: পূর্বাচলে বিসিবির প্রস্তাবিত বিশ্বমানের 'ক্রিকেট এক্সিলেন্স সেন্টার' নির্মাণের অংশ হিসেবে আকস্মিক ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বিসিবির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠকের পরদিনই এই সফরের সিদ্ধান্ত এলো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সফরসঙ্গী হিসেবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে রয়েছেন বিসিবির গ্রাউন্ডস ও এইচপি কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
সফরকালে তারা বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্মিত সর্বাধুনিক 'সেন্টার অব এক্সিলেন্স' ঘুরে দেখবেন। সেখানে বিসিসিআইয়ের আধুনিক পরিকাঠামো, খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, আধুনিক জিম, স্পোর্টস সাইন্স ও বায়োমেকানিক্স সম্পর্কিত সুযোগ-সুবিধাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তারা। মূলত এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পূর্বাচলে বিসিবির নিজস্ব এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে।
এর আগে বুধাবারে বোর্ড সভায় পূর্বাচলে বহুল প্রতীক্ষিত এই ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন বোর্ড প্রধান। তবে তামিম ইকবালের এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনো আলোচনা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
—জা. অর্থনীতি/এলএটি