এফওপিএল বাস্তবায়নের দাবিতে ঢাবিতে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

র‍্যালিতে অভিনেতা মো. আব্দুল মান্নান (জয় রাজ), ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমানসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মীরা অংশ নেন। 

সমাবেশে বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাট সমৃদ্ধ প্রক্রিয়াজাত খাদ্য অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ। 

এছাড়া তরুণদের জীবনযাপনের ধরন এবং স্থুলতাজনিত কারণে বিভিন্ন ধরনের মানসিক অবসাদের একটি বড় কারণ প্যাকেটজাত খাবারের ব্যবহার বৃদ্ধি। তাই ভোক্তাদের স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ করতে খাদ্যের মোড়কের সামনের অংশে সহজ ও দৃশ্যমান পুষ্টি সতর্কবার্তা বা ফ্রন্ট অফ প্যাক লেবেলিং (এফওপিএল) দ্রুত কার্যকর করা জরুরি।

—জা. অর্থনীতি/এএইচএ