ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘সম্পূর্ণ মূল্যহীন ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শনিবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তবে ইরান ও ‘প্রতিরোধ অক্ষ’ এমন জবাব দেবে, যা যুক্তরাষ্ট্র কখনো ভুলতে পারবে না।
সাম্প্রতিক সংঘাতের মধ্যে এটিই ছিল মোজতবা খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। তিনি নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এটি ইরানের জাতীয় ও ইসলামী পরিচয়ের প্রতি জনগণের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করায় তেহরানও আর ওই সমঝোতা বাস্তবায়ন করছে না। তার ভাষ্য, ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরানও সব ধরনের অঙ্গীকার স্থগিত করেছে।
ইরানের দাবি, গত ২৭ জুন থেকে যুক্তরাষ্ট্রের হামলায় পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, সেতু এবং শতাধিক টেলিযোগাযোগ টাওয়ারসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে তেহরানের দাবি।
এদিকে, সংঘাতের জেরে কৌশলগত হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি কুয়েতের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা এবং জর্ডান ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
জা.অর্থনীতি/এসআই