বিনোদন ডেস্ক: বাংলাদেশী বংশভূত মার্কিন সংগীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব এখন ঢাকায়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকার মঞ্চ মাতাবেন তিনি। রবিবার (১৯ জুলাই) দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন সঞ্জয় দেব। সঙ্গে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের পরিবেশনা।
ঢাকায় সঞ্জয়ের অনুষ্ঠিতব্য কনসার্টের শিরোনাম 'শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০'। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে গানের এ আসর, চলবে আগামীকাল সোমবার (২০ জুলাই) পর্যন্ত।
রবিবার আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও পারফর্ম করবেন। অনুষ্ঠানের আগে বাংলাদেশে পৌঁছে বনানীর মঞ্চ ঘুরে দেখেন সঞ্জয়। এ সময় তিনি বলেন, ‘আমি এখন বাংলাদেশে। বনানীর মঞ্চে আপনাদের সাথে আমার দেখা হবে ১৯ জুলাই। আমি খুব উচ্ছ্বসিত। আপনাদের জন্য পারফর্ম করতে আমি মুখিয়ে আছি। সন্ধ্যা ৬টায় আমাদের দেখা হচ্ছে।’
আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এ কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর অন্যতম আলোচিত এই শিল্পীকে নিজ দেশে পেয়ে উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।
প্রসঙ্গত, ছয় দিনব্যাপী গানের এ উৎসবে বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম, খাবার, গেমস এবং স্পনসরদের বিশেষ আয়োজন।
—জা. অর্থনীতি/এনএ