আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাত্তালগাজি জেলায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫.৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও শানলিউরফাসহ আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে।
এএফএডির তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির তথ্য মেলেনি। তবে সংশ্লিষ্ট সব প্রতিবেদন পর্যালোচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই
