কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে আমানগন্ডা বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
