পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২
ছবি সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুরাতন থানা ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন— উপজেলার বাসিন্দা গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম এবং অপর শ্রমিক কামরুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন থানা ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই সেখানে আগে থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং পাশে থাকা কামরুল হাসানের ডান পা জখম হয়। ঘটনার পরপরই অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বে কোনো এক সময় বিস্ফোরকটি মাটির নিচে চাপা পড়েছিল। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি এলো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি