ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের দুদিন পর কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১২ জুলাই) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে নদের তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দুদিন ধরে নদে তল্লাশি অভিযান চালায়। রোববার সকালে শ্রীপুরের বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস তা উদ্ধার করে।

ওসি বলেন, রোববার সকালে বরমি থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে মৃতের স্বজনরা সেখানে গিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

—জা. অর্থনীতি/এলএটি