নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে যানবাহনের গতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে পথচারীদের জন্য সড়ক অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. সাইফুল ইসলাম খান। তিনি বলেন, পরিকল্পিত সড়ক নকশা, রেইজড ক্রসিং এবং গতিরোধক স্থাপনের মাধ্যমে অতিরিক্ত গতিতে চলা যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব, যা সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে।
শনিবার (১১ জুলাই) ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই)-এর যৌথ উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, রাজধানীতে সড়ক নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের আগে রেইজড ক্রসিং এবং গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের গতি কমিয়ে পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা এবং নগর উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ডিএনসিসি ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় রাজধানীতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
বিআইজিআরএস বাংলাদেশের সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।
কর্মশালায় ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলীর পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় সড়ক নিরাপত্তা জোরদারে পরিকল্পনা প্রণয়ন, প্রকৌশলভিত্তিক সমাধান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
—জা.অর্থনীতি/আরএস