পানাম নগরীরে ধ্বংস হওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতুটি পূর্বের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সাথে প্রাচীন সেতুটি পুনর্নির্মাণের পাশাপাশি পানাম নগরীর অন্যান্য ঝুঁকিপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নসম্পদ রক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে পানাম নগরীর সামনে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানাম নগরীর প্রবেশদ্বারে একসময় একটি অত্যন্ত নান্দনিক ও প্রাচীন ছোট সেতু ছিল। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা ওই ঐতিহ্যবাহী সেতুটি পার হয়েই ঐতিহাসিক এই নগরীতে প্রবেশ করতেন। কিন্তু ২০০১ সালের পর স্থানীয় একটি প্রভাবশালী মহল সম্পূর্ণ বেআইনিভাবে প্রাচীন সেতুটি ভেঙে ফেলে। এর ফলে পানাম নগরীর প্রবেশপথ তার চিরচেনা ঐতিহ্যবাহী রূপ ও নান্দনিক সৌন্দর্য হারিয়েছে।

বক্তারা আরও বলেন, এই সেতুটি কেবল যাতায়াতের কোনো সাধারণ মাধ্যম ছিল না, বরং এটি পানাম নগরীর ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ছিল। হারিয়ে যাওয়া সেই গৌরব ও ঐতিহাসিক আবহ ফিরিয়ে আনতে প্রাচীন নকশা ও অনন্য বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা জরুরি। সেতুটি পুনর্নির্মিত হলে পানাম নগরীর মূল সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি দর্শনার্থীদের কাছে এর আকর্ষণ ও ঐতিহাসিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

 —জা. অর্থনীতি/এলএটি