অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা তার ক্যান্সার আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির আশ্বাস দেন।
উপ-প্রেস সচিব আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর মাত্র দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। এরপর সাত মাসের মধ্যে স্বামীকেও হারান তিনি। পরপর এই ঘটনায় পরিবারটি চরম সংকটে পড়ে।
এ সময় অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, তখন থেকেই আতিকুর রহমান রুমনের মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন তারেক রহমান। বর্তমানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই