রাঙামাটি প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তির বরাত দিয়ে জেলা প্রশাসন জানায়— বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় চলমান টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও ভূমিধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া অতিবৃষ্টির কারণে সাজেক সড়কের কয়েকটি স্থানে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িকভাবে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতীব প্রয়োজন ছাড়া সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের সকল নির্দেশনা মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। —জা. অর্থনীতি/এলএটি