সিলেটের নতুন ডিসির যোগদান নিয়ে নাটকীয়তা
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান কর্মস্থলে যোগদানের উদ্দেশে রওনা হয়েও বিমানবন্দর থেকে ফিরে গেছেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনা জানাজানির পর বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকেই হয়তো পুনরায় সিলেটে ফিরিয়ে আনা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

রবিবার (৫ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২১ জুন এক আকস্মিক আদেশে সিলেটের তৎকালীন ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। হযরত শাহজালাল (রহ.) মাজারে দীর্ঘদিন ধরে চলে আসা দানবাক্সের হিসাব ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার সাহসী উদ্যোগ নিয়ে সমাদৃত হওয়া এই কর্মকর্তার আকস্মিক প্রত্যাহার সিলেটবাসী মেনে নিতে পারেননি। এর প্রতিবাদে সিলেটে সপ্তাহব্যাপী নজিরবিহীন বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন।

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর মু. রেজা হাসানকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং বৃহস্পতিবার তার দায়িত্বভার গ্রহণের কথা ছিল। কিন্তু ঢাকা ছাড়ার ঠিক পূর্বমুহূর্তে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়। বর্তমানে সিলেটের অধিকাংশ নাগরিক ও সাধারণ মানুষের দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশের জোরালো জনমত হলো, জনবান্ধব ও সাহসী কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকেই যেন পুনরায় ডিসি হিসেবে পুনর্বহাল করা হয়। তবে প্রশাসনিক নিয়মে একবার প্রত্যাহারের পর একই কর্মস্থলে কাউকে এত দ্রুত ফিরিয়ে আনা সম্ভব কি না, তা নিয়ে নিশ্চিত নন সংশ্লিষ্টরা।

—জা. অর্থনীতি/এলএটি