আস-সুন্নাহর ট্রেনিংপ্রাপ্ত শেফরা বানালেন ৫০ পদের খাবার
ছবি: সংগৃহীত

রেস্তোরাঁয় গিয়ে চমৎকার কোনো খাবারের স্বাদ মুখে লেগে থাকলে আমরা কার প্রশংসা করি? অবশ্যই শেফের! কিন্তু এই রান্নার পেছনে যদি থাকে নিখুঁত পেশাদারিত্ব আর নৈতিকতার এক দারুণ মেলবন্ধন, তবে কেমন হবে? ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সম্প্রতি সম্পন্ন হলো তাদের ‘প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ কোর্সের ৫ম ব্যাচের প্রশিক্ষণ। আর সমাপনী পরীক্ষার চূড়ান্ত ব্যবহারিক আসরে শিক্ষার্থীরা তৈরি করে দেখালেন ৫০টিরও বেশি পদের বিশ্বমানের খাবার! তাদের এই অসাধারণ পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

রোববার (৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অর্জনের কথা আনন্দের সাথে ভাগ করে নেন শায়খ আহমাদুল্লাহ। তিনি নিজেই শিক্ষার্থীদের প্রস্তুত করা বিভিন্ন খাবার পরিদর্শন করেন এবং স্বাদ নিয়ে তাদের দক্ষতার মূল্যায়ন করেন।

শুধু রান্নাই নয়, দেশের খাদ্য ও আতিথেয়তা খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তর করতেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই বিশেষ উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো—

আধুনিক কিচেন ম্যানেজমেন্ট ও রান্নার খুঁটিনাটি শেখানো।
খাবারে ভেজাল না দেওয়া ও সততা বজায় রাখা।
দক্ষ শেফ তৈরি করে বেকারত্ব দূর করা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত মোট ৮৫ জন শিক্ষার্থী এই অনন্য কোর্সটি সফলভাবে শেষ করেছেন। গর্বের বিষয় হলো, তাদের সিংহভাগই দেশের নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বড় প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। কেউ কেউ আবার চাকরি না খুঁজে নিজেই গড়ে তুলেছেন ক্যাটারিং বা খাদ্যসংশ্লিষ্ট স্বাধীন ব্যবসা।

শায়খ আহমাদুল্লাহ বলেন, দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে বিশ্বমানের কিচেন ম্যানেজার তৈরি করাই আমাদের লক্ষ্য। 

৫ম ব্যাচের আনুষ্ঠানিক সমাপ্তির পর এখন অপেক্ষা নতুনদের। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে কোর্সটির ৬ষ্ঠ ব্যাচের ক্লাস। যারা ফুড ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে একজন সফল ও সৎ শেফ হতে চান, তাদের জন্য এটি এক সোনালী সুযোগ। নিজেকে দক্ষ করে গড়ে তোলার এখনই সময়!

জা. অর্থনীতি/ উমার