সাইট্রাস জাতীয় ফল মানুষের পুষ্টি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক পরিচর্যা এবং কৃষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাম্বুরা ও বাতাবি লেবুর উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ। নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন সিলেটের জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে ‘বারি বাতাবি লেবু-৫ ফলের আধুনিক উৎপাদন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম হাফিজ বলেন, জৈন্তাপুরের মাটি ও আবহাওয়া বাতাবি লেবু ও জাম্বুরা চাষের জন্য অত্যন্ত উপযোগী। জাম্বুরা ও বাতাবি লেবু অত্যন্ত উপকারী ফল, যা মানুষের শরীরের জন্য ওষুধের মতো কাজ করে। তাই পুষ্টির চাহিদা পূরণে তিনি সবাইকে লেবু জাতীয় ফল চাষাবাদে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে কৃষকদের দক্ষতা বাড়াতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. সামছুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএইচএম বোরহান উদ্দিন ভূঁইয়া।

—জা. অর্থনীতি/এলএটি