পাবনা প্রতিনিধি: পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ‘ভিশন স্প্রিং’-এর সহযোগিতায় প্রেসক্লাবের সদস্য, পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সহজলভ্য হবে বলে আশা করছেন আয়োজকরা।
শনিবার (৪ জুলাই) দুপুরে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাস সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি
