সুপারকম্পিউটারের গণনায় আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: শক্তি, ঐতিহ্য ও অভিজ্ঞতার বিচারে দুই দলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। তবুও ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। যেকোনো মানদণ্ডে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে আফ্রিকার এই দেশটি। তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’-র সুপার কম্পিউটার স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই ম্যাচে আর্জেন্টিনাই নিরঙ্কুশ ফেবারিট।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নবাগত কেপ ভার্দে।

ম্যাচের আগে সম্ভাব্য ফল নির্ধারণে প্রায় ২৫ হাজারবার সিমুলেশন (কৃত্রিম ম্যাচ) চালিয়েছে অপটার সুপার কম্পিউটার। সেই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা আকাশচুম্বী, প্রায় ৮১ শতাংশ। বিপরীতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই বাজিমাত করা কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ। এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১২.৩ শতাংশ।

তবে নকআউট পর্বের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের ভাগ্যসহ সামগ্রিকভাবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করলে আর্জেন্টিনার সুযোগ দাঁড়ায় ৮৯.৪ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত থেকে মাঠ ছাড়ার রেকর্ড ধরে রেখেছে। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে চমক দেখিয়েছে কেপ ভার্দে। এখন দেখার বিষয়, মায়ামির মাঠে সুপার কম্পিউটারের হিসাব মিলিয়ে আর্জেন্টিনা দাপুটে জয় পায়, নাকি কেপ ভার্দে উপহার দেয় নতুন কোনো ইতিহাস।

—জা. অর্থনীতি/এলএটি