বিজিবির বাধায় ব্যর্থ হলো বিএসএফ
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা-কচুরগুল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রবল বাধায় ব্যর্থ হয়েছে। ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনভর বিজিবির কড়া নজরদারি ও বাধার মুখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢুকতে না পেরে রাতে ভারতে ফিরে যেতে বাধ্য হয়। বিজিবি সূত্র জানায়, অনুপ্রবেশের অপচেষ্টা করা ওই ১০ জনের মধ্যে ২ জন পুরুষ, ৭ জন নারী ও ১ জন শিশু ছিল।

সূত্র মতে, বিএসএফ স্থানীয় দালাল, নির্দিষ্ট নেটওয়ার্ক ও গুপ্তচরদের সহযোগিতায় নতুন কৌশলে এই ‘পুশইন’ বা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় কিছু মানুষ এই অপকর্মে বিএসএফকে সহযোগিতা করছে বলে বিজিবির কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্তে পুশইনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল ও কড়া নজরদারি বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল বলেন, "বিএসএফ যাদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা করেছিল, তারা বিজিবির কঠোর বাধার মুখে আবার ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি