শিক্ষা ডেস্ক: দেশজুড়ে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। বিশেষ কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। সারাদেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নকল ও যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে এবার কেন্দ্র পরিচালনায় কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন একজন কক্ষ পরিদর্শক। কোনো কক্ষেই দুজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না।
আসন বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। ৫ বাই ৬ ফুট দৈর্ঘ্যের বেঞ্চে সর্বোচ্চ দুজন এবং ৪ ফুটের বেঞ্চে কেবল একজন পরীক্ষার্থী বসতে পারবেন।
প্রশ্নপত্র ফাঁসরোধে নেওয়া হয়েছে মাল্টি-লেয়ার বা বহূস্তরের নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার দিন সকালে নির্ধারিত প্রশ্নপত্র ট্যাগ অফিসার ও পুলিশের কড়া প্রহরায় কেন্দ্রে আনা হবে। পরীক্ষা শুরুর ঠিক আগে মোবাইলের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই কেবল প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো সেটে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিটাল জালিয়াতি রুখতে এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড ও ডিভাইস সিরিয়াল নম্বর আগেই শিক্ষা বোর্ডে জমা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে বোর্ড কর্তৃপক্ষ সরাসরি কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবে। কোনো কেন্দ্রে সিসিটিভি অকার্যকর থাকলে বা গাফিলতি দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষার্থী, শিক্ষক বা অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা কেবল সাধারণ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য বা সার্বিক সমন্বয়ের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। যোগাযোগের মাধ্যমগুলো হলো: টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫, মোবাইল নম্বরসমূহ: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২, ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নকল, প্রশ্নফাঁস বা পরীক্ষা ঘিরে যেকোনো ধরনের অপরাধ ও গুজব রুখতে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিভ্রান্তি ছড়ালে তাকে সরাসরি আইনের আওতায় আনা হবে।
জা.অর্থনীতি/এসআই