অনলাইন ডেস্ক: দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত বিভিন্ন ক্রয় প্রস্তাব বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানি সংক্রান্ত দুটি বড় প্রস্তাব রয়েছে।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের (প্যাকেজ-৩) আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কম বা বেশি) মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এই গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।
এছাড়া পৃথক আরেকটি সিদ্ধান্তে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এই গম আমদানিতে সরকারের আনুমানিক মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।
জা.অর্থনীতি/এসআই
