পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলাপাড়া নাগরিক সমাজ। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কলাপাড়াসহ দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়ন উপেক্ষা ও বরাদ্দ বঞ্চিত করার প্রতিবাদে কলাপাড়ার হাজার হাজার মানুষ।
বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর কুয়াকাটাগামী সিক্স-লেন ও পায়রা বন্দর সড়ক থেকে শুরু করে কুয়াকাটাগামী তিন সেতু হয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার সড়ক জুড়ে সর্বস্তরের মানুষ হাতে হাত রেখে এই মানববন্ধনে অংশ নেন। ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে আওয়াজ তুলেছেন তাদের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বরাদ্দ এবং তাদের নয় দফা দাবি মেনে নেওয়া হোক।
আন্দোলনকারীদের প্রধান ৯ দফা দাবিগুলো হলো:
১। কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ছয়-লেন সড়ক নির্মাণ।
২। পর্যটন শিল্পের বিকাশে দ্রুত 'কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ' গঠন।
৩। কলাপাড়ার প্রস্তাবিত স্থানে বিমানবন্দর নির্মাণ ও পায়রা সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা।
৪। ভাঙ্গা রেল স্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন।
৫। পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে মাদার ভ্যাসেল প্রবেশের জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা করা।
৬। উপকূলীয় এলাকায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
৭। ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা।
৮। শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ।
৯। বরিশাল-ভোলা সেতু দ্রুত নির্মাণ।
মানববন্ধনে অংশ নিয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু বলেন, "উন্নয়ন বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর ন্যায্য দাবিগুলো সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বিশদভাবে উপস্থাপন করেছিলেন। কিন্তু বাজেট পাস হলেও এই অঞ্চলটি চরমভাবে অবহেলিত ও বঞ্চিত রয়ে গেছে।"
পরিবেশকর্মী ও সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু এবং পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক জানান, কলাপাড়ায় হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে এবারের বাজেটে কোনো বরাদ্দ না থাকায় গোটা বরিশালবাসী হতাশ ও ক্ষুব্ধ। সমাজকর্মী কামরুজ্জামান কাজল ও নাসির উদ্দিন রতন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বরিশাল বিভাগে ১৮ জন সংসদ সদস্য নির্বাচিত করেছে, অথচ এই অঞ্চলটিই আজ সবচেয়ে বেশি উন্নয়ন বঞ্চিত।
চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে সচল হলে দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য আর ঢাকামুখী হতে হবে না। অন্যদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, অথচ তা রক্ষায় বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি।
কর্মসূচির অন্যতম সমন্বয়ক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, "৩০ কিলোমিটার সড়ক জুড়ে হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে এগুলো দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি। আমরা আশা করি, এই বৃহৎ আন্দোলন দেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দক্ষিণাঞ্চলকে আর উন্নয়ন বঞ্চিত রাখবেন না।"
—জা. অর্থনীতি/এলএটি