যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
ছবি: জাতীয় অর্থনীতি

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। 

সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেন।

যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির নতুন উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

সোমবার সকাল ১১টায় যোগদানের পর উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত ভিত্তিপ্রস্তরে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "বর্তমান বাংলাদেশ সরকারের যে নীতি আছে—'সবার আগে বাংলাদেশ', এই নীতিকে যবিপ্রবির ক্ষেত্রে আমরা দেখব—'সবার আগে যবিপ্রবি'। চব্বিশের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের ঋণের বোঝা আমাদের মাথার উপর রয়েছে। আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা যবিপ্রবিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সফল হব।"

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং ‘রাষ্ট্রপতি স্বর্ণপদক’ লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করা এই গুণী শিক্ষক দীর্ঘ ক্যারিয়ারে তার নিজ ডিসিপ্লিনের প্রধান, স্কুলের ডিন এবং খুবির সিনেট, সিন্ডিকেট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি