৩ দিনের সফরে সিলেটে বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার সালাম
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: ১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। তিনি বলেন, "রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সে লক্ষ্যেই একে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে।"

সোমবার (২৯ জুন) সকালে তিন দিনের সরকারি সফরে বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরে নামার পর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এরপর দুপুরে সিলেট ইউনিট কার্যালয় পরিদর্শন শেষে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার সালাম।

সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।

বিডিআরসিএস চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, আজ বিকেল সাড়ে তিনটায় তিনি নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশুকল্যাণ হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র এবং নার্সিং কলেজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দক্ষিণ সুরমার রায়বান গ্রামে নিজ বাড়িতে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ সুরমায় প্রস্তাবিত নতুন রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালের স্থান পরিদর্শন করবেন তিনি। এরপর সকাল ১০টায় জালালপুর ডিগ্রি কলেজে এবং দুপুর ১২টায় রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় দক্ষিণ সুরমার সুনামপুর গ্রামে বিবি ট্রাস্টের অনুদানে পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন বিডিআরসিএস চেয়ারম্যান।

—জা. অর্থনীতি/এলএটি