পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের (কেঁচো সার) বাজার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে এর চাহিদা বৃদ্ধি বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় জাগো নারীর ‘প্রদৃপ্ত’ প্রকল্পের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম।
সভায় বক্তারা পরিবেশবান্ধব কৃষিতে ভার্মি কম্পোস্টের ভূমিকা, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। তারা বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে এই সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি নাহিদ ইসলাম তার বক্তব্যে কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্টের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন। একই সাথে উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স গ্রহণ, পণ্যের মান নিশ্চিতকরণ, সঠিক প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং কার্যকর বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জাগো নারীর প্রজেক্ট ম্যানেজার মো. জাফর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ারের টেকনিক্যাল কোঅর্ডিনেটর সাবাহ শবনম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিভাগের ফিল্ড সহকারী মো. আলী আহসান বাপ্পি, সাংবাদিক মিলন কর্মকার রাজু এবং আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম। সভায় কারিতাস, ফ্রেন্ডশীপ, আইডিই, ওয়ার্ল্ড কনসার্নসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি