মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে এলাকার রাস্তাঘাট ও বন্ধ বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সাথে তিনি সিলেটের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সবাই বলেন, সিলেটিরা নাকি শুধু লন্ডনে গিয়ে টাকা কামায়। কিন্তু আপনাদের এলাকায় এসে আমি আশানুরূপ উন্নয়ন দেখি নাই। এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের নিজেদেরও হাত দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি কিন্তু সিলেটে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, শ্বশুরবাড়ির এলাকা হিসেবে হলেও অন্তত সিলেটের সার্বিক উন্নয়ন করবেন। এখানে আসার সময় রাস্তাঘাটের অবস্থা দেখলাম খুবই নাজুক। আমার শ্বশুরবাড়ি হলে আমি আরও ভালো রাস্তা বানাতাম। এছাড়া এই অঞ্চলের শমশেরনগরে একটা বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এটি দ্রুত চালু করতে হবে।”
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর পরিবারের কথা উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “২১ বছরের এক যুবক মুজিবকে বিএসএফ হত্যা করেছে। আমি তার বাসায় গিয়েছিলাম। ১২ মাস ও ১৯ মাসের দুটি ছোট বাচ্চা রেখে গেছে সে, আরেকটি সন্তান পৃথিবীতে আসবে। আপনারা কি এই সীমান্ত হত্যার বিচার চান না? সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।”
স্থানীয় তরুণ ও যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “যদি কেউ আপনাদের এলাকায় চাঁদাবাজি, জমি দখল বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে থাকে, তবে তাকে অবিলম্বে পুলিশে ধরিয়ে দেবেন। তরুণ প্রজন্মকেই এই কুলাউড়াবাসীকে রক্ষা করতে হবে। আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তবে সারা বাংলাদেশ দাঁড়িয়ে যাবে।”
বিকেল ৫টার দিকে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসানের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি
