মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে কৌশলে চুরি করার ঘটনায় চাকরিচ্যুত এক সেনা সদস্য ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬ জুন) রাতে রাজৈর, ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে মাদারীপুর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গায়েন্দার গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা (২৮), একই উপজেলার নোহাটা গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৫) ও খান্দারপাড় গ্রামের মো. সাকায়েত মুন্সী (৩৫)।
পুলিশ জানায়, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকা থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য একটি ইজিবাইক ভাড়া নেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় আসামি ধরার কথা বলে চালককে সঙ্গে নেন। সেখানে পৌঁছে চালককে গাড়ি থেকে নামিয়ে সামনের ব্রিজের দিকে পাঠানো হয়। এই সুযোগে মোটরসাইকেলে আসা সহযোগীদের নিয়ে চক্রটি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক রাজৈর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬ থেকে ৮টি করে মামলা রয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, পুলিশ পরিচয়ে সংঘটিত এই অপরাধের চক্রটিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অপর সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।
—জা. অর্থনীতি/এলএটি
