ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক: আগামীকাল (২৬ জুন) ঢাকায় পারফর্ম করার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের। তবে এক দিন আগে এসে স্থগিত হয়েছে কনসার্টটি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আয়োজকদের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা না যায়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া, কেউ চাইলে টিকিটের মূল্য ফেরত নেওয়ার সুযোগও পাবেন। 

এদিকে, কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অনুপম রায় নিজে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। 

প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল। 

কনসার্টটি স্থগিত হওয়ায় অনুপম রায়ের ভক্তদের মধ্যে হতাশা দেখা দিলেও নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা। 

—জা. অর্থনীতি/এনএ