নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে চীনে আছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই সফরে সৌরবিদ্যুৎ খাত উন্নয়নে চীনের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি সই হতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চিফ হুইপ। ‘পাকিস্তানে সৌর বিপ্লব: জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয়’ শীর্ষক এই সংলাপের আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে বিএনপি সরকার সব ধরনের সহযোগিতা করতে চায় জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদ অধিবেশনে কোনো সংসদ সদস্য যদি এ প্রসঙ্গে কথা বলতে চান, চিফ হুইপের জায়গা থেকে তিনি সহযোগিতা করবেন।
নুরুল ইসলাম মনি বলেন, দেশে টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি) খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দেশের সার্বিক কল্যাণ এবং একটি ‘ওয়েলফেয়ার স্টেট’ বা কল্যাণ রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরিতে এই খাতকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
সরকার ইতোমধ্যেই সরকারি ভবনগুলোর ছাদ (রুফটপ) ও শিল্প কারখানাগুলোকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার টার্গেট নিয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, এসবের পাশাপাশি গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপকারে এবং সেচ প্রকল্পের খরচ কমাতে সব ধরনের পাওয়ার পাম্প ও টিউবওয়েলকে সোলার সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংলাপে ‘পাকিস্তানে সৌরবিদ্যুতের গণজোয়ার: এর পরে কী এবং কারা অনুসরণ করছে?’ শীর্ষক একটি উপস্থাপনা করেন পাকিস্তানের পরিবেশবান্ধব জ্বালানি সংস্থা ‘রিনিউয়েবলস ফার্স্টের’ প্রধান কর্মসূচি ও উদ্যোগ বিশেষজ্ঞ ব্যবস্থাপক মুহাম্মদ বাসিত গৌরী।
তিনি বলেন, পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি বড় পরিবর্তন এসেছে। এই রূপান্তর মূলত জাতীয় গ্রিডের বাইরে নিজস্ব উদ্যোগে হয়েছে। এই পরিবর্তন কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ ছিল না উল্লেখ করে বাসিত গৌরী বলেন, শহর ও গ্রাম— বিশেষ করে গ্রামীণ এলাকায় আবাসিক, শিল্প ও কৃষি খাতে এই পরিবর্তন সবচেয়ে বেশি দৃশ্যমান।
তিনি জানান, ‘এই পরিবর্তনের পেছনে কাজ করেছে পাকিস্তানে অতিরিক্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্কমুক্ত সুবিধা ও সরকারি সহযোগিতা।’