মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা রহমান
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে বিশেষ সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

সোমবার (২২ জুন) সকালে এক মনোরম নৌবিহারে অংশ নিয়ে তারা পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন।

সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে পুত্রাজায়ায় তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় দুই দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।

উল্লেখ্য, বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম স্থানে রয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

—জা. অর্থনীতি/এলএটি