অনলাইন ডেস্ক: হামের পর এবার শুরু হয়েছে ডেঙ্গুতে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজনের ঢাকায়, অন্যজনের বরিশালে।
রোববার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসেই চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে- ৯৩ জন। এ ছাড়া বরিশালে ৫৪, খুলনাতে ৫২ এবং চট্টগ্রাম বিভাগে ১৬ জনের শনাক্ত হয়েছে ডেঙ্গু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চার হাজার ৯০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ২০ দিনেই সবচেয়ে বেশি। জুনে এখন পর্যন্ত এক হাজার ৭০৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
—জা.অর্থনীতি/আইবিএম
