এবার দেশজুড়ে ‘মাসুদ রানা’

বিনোদন ডেস্ক: জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক সৈকত নাসির। গত ঈদে মুক্তি পায় ‘মাসুদ রানা’ সিনেমাটি। গত দুই সপ্তাহ ধরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলে সিনেমাটি। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। এবার বড় পরিসরে শুক্রবার (১৯ ) থেকে দেশের ৩২টি প্রেক্ষাগৃহে একযোগে চলছে ‘মাসুদ রানা’। 

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত নাসির। প্রকাশ করেছেন হলের তালিকাও। তাতে দেখা গেলো, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাসহ ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি, খুলনার সংগীতাসহ বড় বড় হলগুলোতে চলছে সিনেমাটি। 

এদিকে, এর প্রযোজক আব্দুল জাজিজ জানিয়েছেন, শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু বিষয়ে অসঙ্গতি ছিল। সেটা সংস্কার-সংশোধন করে এ সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে। তাই নতুন করে যারা ছবিটি দেখবেন, ভিন্নতা পাবেন। 

‘মাসুদ রানা’য় রাসেল রানার সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরী। তিনি আছেন সোহানা চরিত্রে। আর ‘অবনিতা’ হয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাত প্রমুখ। 

একনজরে 
সিনেমা: ‘মাসুদ রানা’
ধরন: স্পাই–থ্রিলার
উৎস: ধ্বংস পাহাড়, কাজী আনোয়ার হোসেন
চিত্রনাট্য: আবদুল আজিজ
পরিচালনা: সৈকত নাসির
অভিনয়: রাসেল রানা, পূজা চেরী, গাজী রাকায়েত, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান
দৈর্ঘ্য: ২ ঘণ্টা। 

—জা. অর্থনীতি/এনএ